একটু ভিন্ন স্বাদের খাবার খেতে সকলেই চান। বিশেষ করে এমন খাবার যা শীতটাকে একটু দূরে রাখতে পারে। এর পাশাপাশি স্বাস্থ্যকর হলে তো কথাই নেই। তাই আজকে শিখে নিন স্বাস্থ্যকর একটি খাবার ‘মুগ ডালের সবজি খিচুড়ি’।
উপকরনঃ
আধা কেজি চাল
আধা কেজি মুগ ডাল
গাজর, আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি সবজি মাঝারি আকারের কুচি ২ কাপ পরিমাণে।
৩/৪ টি পেঁয়াজ কুচি
৬/৭ টি মরিচ ফালি (ঝাল বুঝে)
তেজপাতা ২ টি
৩/৪ টি এলাচ
৩/৪ টি লবঙ্গ
২ টি ১ ইঞ্চি পরিমাণে দারুচিনি
২ চা চামচ আদা-রসুন বাটা
লবণ স্বাদমতো
তেল ৪ টেবিল চামচ
আধা চা চামচ হলুদগুঁড়ো
আধা চা চামচ জিরা
১ চা চামচ ঘি
২/৩ টি শুকনো মরিচ
প্রণালীঃ
চাল ডাল একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
এবারে একটি প্যানে ৩ টেবিল চামচ তেল গরম করে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিন। এরপর এতে দিন আদা-রসুন বাটা।
এরপর একে একে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, হলুদগুঁড়ো, মরিচ ফালি ও লবণ দিয়ে ভালো করে মসলা কষে নিন।
মসলা কষা হয়ে এলে এতে চাল-ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবং ২-৩ মিনিট নেড়ে ভাজতে থাকুন। এরপর এতে সবজি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
এরপর পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে থাকুন।
খিচুড়ি একটু নরম হবে। এবং সেদ্ধ হয়ে এলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিন।
একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল ও ১ টেবিল চামচ ঘি দিয়ে গরম করে এতে জিরা দিয়ে দিন। খানিকক্ষণ ভেজে এতে দিন শুকনো মরিচ।
এই মিশ্রণটুকু খিচুড়ির ওপর ঢেলে দিন। ও ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট।
এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম মজা নিন এই সুস্বাদু খিচুড়ির।
পোলাও-বিরিয়ানির পাশাপাশি ঝটপট তৈরি করা যায় বলে খিচুড়ির চাহিদা কিন্তু বেশ। সাধারণ খিচুড়ির তুলনায় একটু ভিন্ন স্বাদের এবং ভুনা খিচুড়ি তৈরি করতে উৎসাহী থাকেন গৃহিণীরা। ঈদে কুরবানির ঝাল মাংসের সাথে বেশ ভালো মানিয়ে যায় খিচুড়ির আইটেম। তাই আজকে শিখে নিন সহজে সুস্বাদু ‘নওয়াবি ভুনা খিচুড়ি’ রান্নার পদ্ধতি।
উপকরনঃ
পোলাওয়ের চাল ১ কেজি
ডাল ২ কাপ
তেল ১ কাপ
ঘি ২ টেবিল চামচ
১ কাপ ঘন দুধ
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
২ চা চামচ হলুদ গুঁড়ো
২ চা চামচ মরিচ গুঁড়ো
১ চা চামচ আস্ত জিরা
৫/৬ টি কাঁচা মরিচ (ঝাল অনুযায়ী)
লবণ স্বাদমতো
এলাচ ৬ টি
দারুচিনি মাঝারি আকারের ৪ খণ্ড
কাবাব মসলা ২ টেবিল চামচ
২ চা চামচ টেস্টিং সল্ট
পানি পরিমাণমতো
বাদাম কুচি আধা কাপ
কিশমিশ আধা কাপ
প্রণালীঃ
প্রথমে চাল ও ডাল ধুয়ে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
একটি প্যানে সামান্য তেল দিয়ে গরম করে আদা বাটা দিয়ে দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেঁজে নিন।
বাদাম কুচি সহ সব মসলা দিয়ে খানিকক্ষণ মসলা কষিয়ে নিন। লক্ষ্য রাখবেন যেন মসলা পুড়ে না যায় হবে।
এরপর এতে চাল দিয়ে খানিকক্ষণ নেড়ে চাল কষিয়ে নিন। এতে ঘন দুধ দিয়ে ভালো করে নেড়ে নিন। প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন।
পানি কমে চাল সেদ্ধ হয়ে এলে কিশমিশ ও ২ টেবিল চামচ ঘি দিয়ে নেড়ে ঢাকনা বন্ধ করে একটি তাওয়ার ওপর দিয়ে দমে বসান।
১০ মিনিট পর নামিয়ে ঝাল ঝাল মাংসের সাথে পরিবেশন করুন সুস্বাদু ‘নওয়াবি ভুনা খিচুড়ি’।